প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল ঘোষণা, নেতৃত্বে গিল ও আইয়ার
সংবাদ দিগন্ত ||
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে ভারতের নেতৃত্ব দেবেন শুভমান গিল। আর শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজেও ভারতকে নেতৃত্ব দেবেন গিল।শুক্রবার ঘোষিত দল অনুযায়ী, আগামী ৪ নভেম্বর শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এরপর ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের প্রস্তুতি ও খেলোয়াড়দের কাজের চাপ সামলাতেই ওয়ানডের শেষ দুই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব আইয়ারের হাতে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ওয়ানডে সিরিজে ভারতের জার্সিতে দেখা যাবে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেটে নিয়মিত থাকছেন ভারতের এই দুই তারকা। প্রথম তিন ওয়ানডের ১৬ সদস্যের দলে রয়েছেন গিল, কোহলি, রোহিত, আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিংসহ অন্যরা।ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। এ দুই ম্যাচে আইয়ারের সহ-অধিনায়ক হিসেবে থাকবেন ঈশান কিষান। আরও পড়ুন, অর্শদীপের চোটে শেষ ম্যাচে ডাক পেলেন ভুবনেশ্বরশেষ দুই ম্যাচের স্কোয়াডে আরও রয়েছেন তিলক ভার্মা, যশ ঠাকুর ও অকিব নবীর মতো ক্রিকেটাররা।এদিকে, টেস্ট সিরিজের দলে ফিরেছেন বাংলার পেসার আকাশ দীপ। টেস্ট দলে অধিনায়ক গিলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে ঋষভ পন্ত ও ধ্রুব জুরেলকে। তবে পন্তের খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের ছাড়পত্র পাওয়ার ওপর।টেস্ট দলে আরও রয়েছেন যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। অন্যদিকে, ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বুমরাহ ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে টেস্ট সিরিজে খেলবেন বুমরাহ। ওয়ানডের প্রথম তিন ম্যাচের দলে থাকা প্রসিদ্ধ কৃষ্ণার অংশগ্রহণ নির্ভর করবে তাঁর ফিটনেস পরীক্ষার ওপর।দুই সিরিজকে সামনে রেখে ভারতের এই দল ঘোষণা ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছে ভারতীয় সমর্থকেরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত