প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
শাকিবের ‘সোলজার’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সংবাদ দিগন্ত ||
শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও শুটিং শেষ হতে বাকি রয়েছে গুরুত্বপূর্ণ কাজ। হাতে সময় কম থাকায় নির্ধারিত সময়ে ছবিটি মুক্তি পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে শাকিবভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। গত বছরের অক্টোবরে আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ডিসেম্বরে সিনেমাটি মুক্তির প্রাথমিক ঘোষণা দিয়েছিলেন নির্মাতা সাকিব ফাহাদ। তবে নির্ধারিত সময় ঘনিয়ে এলেও ছবির শুটিং শেষ করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, কয়েকবার শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হলেও বাকি অংশের কাজ শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর ‘সোলজার’-এর কাজ শুরুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা আর হয়ে ওঠেনি।আরও পড়ুন,রজনীকান্তের সঙ্গে শুটিংয়ে কাঁপছিলেন বিদ্যাপরে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান শাকিব। প্রায় দুই মাস সেখানে কাটিয়ে গত আগস্টে দেশে ফিরে সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব হয়নি। শুটিং বারবার পিছিয়ে যাওয়ার জন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যর্থতাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। শাকিব খানের ম্যানেজার মনির জামানও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর দাবি, বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হলেও পরিচালক নির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি।অন্যদিকে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া সম্মানী নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে এ অভিযোগ নাকচ করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তাঁর বক্তব্য, শুটিং শেষ না হওয়ায় সম্মানী পরিশোধ নিয়ে ওঠা অভিযোগ সঠিক নয়। খুব শিগগির শুটিং শেষ করে নতুন টিজারের মাধ্যমে মুক্তির তারিখ জানানো হবে বলেও জানান তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষ দিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’ এবং ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন তিনি। এমন ব্যস্ততার মধ্যে ‘সোলজার’-এর বাকি শুটিং কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সব মিলিয়ে চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা কমে এসেছে। দেশপ্রেম ও ভিন্নধর্মী সামাজিক গল্প নিয়ে নির্মিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন। সিনেমাটির প্রযোজনায় রয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত