প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
রজনীকান্তের সঙ্গে শুটিংয়ে কাঁপছিলেন বিদ্যা
সংবাদ দিগন্ত ||
সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবার শুটিং করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘জেলার ২’ সিনেমার প্রথম দিনের শুটিংয়ে একটি দৃশ্য ধারণের সময় তাঁর হাত-পা কাঁপতে শুরু করে। প্রথমে সেটে উপস্থিত অনেকেই ভেবেছিলেন, রজনীকান্তের সামনে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছেন বিদ্যা। তবে অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, এর পেছনে ছিল সিগারেটের নিকোটিনের প্রভাব। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমার একটি দৃশ্যে রজনীকান্তের মুখের দিকে সিগারেটের ধোঁয়া ছাড়তে হয়েছিল বিদ্যাকে। দৃশ্যটি ঠিকভাবে ধারণ করতে তাঁকে প্রায় তিনবার শট দিতে হয়। পরিচালকের নির্দেশনা অনুযায়ী অভিনয় করলেও অস্বস্তি কাটিয়ে উঠতে পারছিলেন না তিনি। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বিদ্যা বলেন, তিনি ভেবেছিলেন ধূমপান করতে জানেন, তাই সেটে গিয়ে সহজেই দৃশ্যটি ধারণ করতে পারবেন। কিন্তু প্রথম টেকের পরই তাঁর হাত-পা কাঁপতে শুরু করে। এতে তিনি বিব্রত হয়ে পড়েন। আরও পড়ুন,আলোচনায় চার অভিনেত্রী নতুন সিরিজে চমকসেটে উপস্থিত অনেকে ধারণা করেছিলেন, রজনীকান্তের সামনে দাঁড়ানোর কারণেই তিনি নার্ভাস হয়ে গেছেন। তবে বিদ্যা স্পষ্ট করেন, রজনীকান্তের উপস্থিতি নয়, সিগারেটের নিকোটিনের প্রভাবেই তাঁর এমন শারীরিক প্রতিক্রিয়া হয়েছিল। প্রথম দিনের এই অস্বস্তিকর অভিজ্ঞতা থাকলেও রজনীকান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত বিদ্যা বালান। সুপারস্টারের ব্যক্তিত্ব ও আন্তরিকতার প্রশংসা করে তিনি জানান, রজনীকান্ত খুব ভালো মনের মানুষ। শুটিংয়ের সময় প্রতিদিন তাঁর খোঁজখবর নিতেন এই অভিনেতা। সিনেমায় ধূমপানের দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও নিজের মতামত জানিয়েছেন বিদ্যা। তাঁর মতে, গল্পের প্রয়োজনে কখনো ধূমপানের দৃশ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, আবার কখনো তা অপ্রয়োজনীয় বলেও মনে হতে পারে। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই বিদ্যা বালানের শুটিংয়ের এই অভিজ্ঞতা আলোচনায় এসেছে। প্রথম দিনের অস্বস্তিকর মুহূর্তের পাশাপাশি সহ-অভিনেতা রজনীকান্তের আন্তরিকতাও তাঁর কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত