প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণপাড়া সীমান্তে দুই পুলিশ সদস্য আটক করেছে বিএসএফ, ফেরত আনার চেষ্টা
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ভারতীয় সীমান্তে গিয়ে পুলিশের দুই সদস্যকে আটক করেছে বিএসএফ (সীমান্ত রক্ষী বাহিনী)। এর আগে ভারতের নাগরিকেরা ওই দুই পুলিশ সদস্যকে আটকে রেখে বিএসএফের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ও বিজিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্য হলেন—ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ব্রাহ্মণপাড়া থানার একটি টহল দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নিয়মিত ডিউটিতে ছিল। আরও পড়ুন, ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২গোপন সংবাদের ভিত্তিতে আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যায় দলটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক চোরাকারবারি দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কনস্টেবল রোহিত দেওয়ান তাঁকে ধরতে পেছনে ধাওয়া করেন।
ধাওয়া করার একপর্যায়ে রোহিত দেওয়ান সীমান্ত অতিক্রম করে ফেললে ভারতের অভ্যন্তরে দাঁড়িয়ে থাকা সাধারণ নাগরিকেরা তাঁকে ঘিরে ফেলে আটক করেন। ঘটনাটি দেখে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন কনস্টেবল রোহিতকে ছাড়াতে এগিয়ে যান। তখন ভারতীয় নাগরিকেরা তাঁকেও আটকে রাখেন। পরে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে তাঁদের হাতে দুই পুলিশ সদস্যকে তুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করায় আমাদের দুই সদস্য ভারতীয় অংশে চলে যান। পরে ভারতের নাগরিকেরা তাঁদের আটকে বিএসএফের কাছে হস্তান্তর করে। তাঁদের নিরাপদে ফেরত আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকসহ প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত