প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ
সংবাদ দিগন্ত ||
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফের সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সন্তোষ প্রকাশ করেছে সংস্থাটি। ব্যাংক খাতের সংস্কার, পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গত কয়েক দিনে আইএমএফের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদলের বিস্তারিত আলোচনা হয়েছে। এসব আলোচনায় উঠে আসা তথ্য ও অগ্রগতির ভিত্তিতে বৃহস্পতিবারের বৈঠক অনুষ্ঠিত হয়। বাজেট-পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সংস্থাটি। আরও পড়ুন,মানবিক চিকিৎসাসেবার আহ্বান আদ্-দ্বীনের অনুষ্ঠানেঅর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় নিলে দেশের অগ্রগতিকে সন্তোষজনক মনে করছে আইএমএফ। তবে ব্যাংক খাতের সংস্কার ও কর-জিডিপি অনুপাত বাড়ানোসহ কয়েকটি বিষয়ে সংস্থাটির পর্যবেক্ষণ রয়েছে। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব বলে আশা করছে সরকার। নতুন ঋণ কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আলোচনা ভালো হয়েছে এবং তা এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতে আলোচনা অব্যাহত রেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছেন তাঁরা। কর্মসূচির আওতায় যেসব শর্ত থাকবে, সেগুলো বাস্তবায়নের বিষয়েও আলোচনা চলবে বলে জানান তিনি। ব্যাংক খাতের পুনঃমূলধনীকরণ, করব্যবস্থার সংস্কার এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পেয়েছে। অর্থমন্ত্রীর ভাষ্য, আইএমএফের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু একটি ঋণ কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীর সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায় সরকার। তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। চলমান আলোচনা অব্যাহত থাকলে আর্থিক খাতের সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত