প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে একমাস ধরে বন্ধ ব্রিজের নির্মাণকাজ, ভোগান্তিতে নগরবাসী
হোসেন মোহাম্মদ ||
গোপালগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ পাচুড়িয়া খাল ব্রিজের নির্মাণকাজ প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। বিকল্প হিসেবে ব্যবহৃত বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল অব্যাহত থাকায় এর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির নির্মাণকাজের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইটেক। নির্মাণস্থলে থাকা প্রতিষ্ঠানের এক ব্যক্তির দাবি, কাজের বিপরীতে দুটি বিল জমা দেওয়া হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে টাকা পরিশোধ করা হয়নি। এ কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে। তবে বিলের পরিমাণ ও পরিশোধে বিলম্বের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুঠোফোনে জানান, অতিরিক্ত পানির চাপে বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরও খোঁজখবর নিয়েছেন। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে কাজ শুরু করা হবে বলে জানান তিনি। আরও পড়ুন,সোনারগাঁয়ে ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দতবে নির্মাণকাজ বন্ধের কারণ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্যে অমিল পাওয়া গেছে। প্রকল্পের দায়িত্বে থাকা সওজের উপসহকারী প্রকৌশলী (এসও) সুমন কর্মকারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ওয়েবসাইটে দেওয়া নম্বরটিও খোলা পাওয়া যায়নি বলে জানা গেছে। এদিকে, ব্রিজের নির্মাণকাজ বন্ধ থাকায় বিকল্প বেইলি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে। এতে প্রতিদিনের যাতায়াতে ভোগান্তির পাশাপাশি ব্রিজটির নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও এর কাঠামোগত অবস্থা সম্পর্কে প্রকৌশলগত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। স্থানীয়দের দাবি, নির্মাণকাজ বন্ধ থাকার প্রকৃত কারণ প্রকাশ, বিল পরিশোধের বিষয়টি পরিষ্কার করা এবং দ্রুত কাজ পুনরায় শুরু করতে হবে। পাশাপাশি বেইলি ব্রিজের নিরাপত্তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা। গুরুত্বপূর্ণ এই ব্রিজের নির্মাণকাজ কবে শেষ হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা গোপালগঞ্জবাসীর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত