প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
উত্তরা আজমপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
সংবাদ দিগন্ত ||
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।বৃহস্পতিবার উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, আজমপুর এলাকায় ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কার্যকর সমাধান না পাওয়ায় তাঁরা সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।আরও পড়ুন, চলতি মাসে এমআরটি লাইন-১-এর চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরুপরিস্থিতি স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন।এদিকে, গত বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। ধারাবাহিক এসব শ্রমিক আন্দোলনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও মজুরি-সংক্রান্ত দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের পাশাপাশি জনদুর্ভোগ কমাতে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত