প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
ছিনতাইয়ের আশঙ্কা, ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইট গেল জয়পুরে
সংবাদ দিগন্ত ||
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ছিনতাইয়ের আশঙ্কা ও বোমা হামলার হুমকি পাওয়ার পর বিমানটিকে জয়পুরে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার এআই-২০৩০ ফ্লাইটটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর নিরাপত্তার স্বার্থে বিমানটিকে বিমানবন্দরের নির্ধারিত আইসোলেশন এলাকায় নেওয়া হয় এবং সব যাত্রীকে নামিয়ে আনা হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। ঘটনার পরপরই নিরাপত্তা কর্তৃপক্ষ বিমানটিতে তল্লাশি চালায়। প্রাথমিক তল্লাশিতে বিমানের পরিচালনব্যবস্থায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে হুমকির উৎস ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরোও পড়ুন,জার্মানিতে রোবট দিয়ে কিশোরীর শ্লীলতাহানি, তদন্তে পুলিশপ্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল প্রায় ৯টার দিকে আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি থেকে কয়েক সেকেন্ডের জন্য একটি জরুরি সংকেত পায়। এ সময় পাইলট ‘স্কোয়াক ৭৫০০’ কোড সক্রিয় করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলে এই কোড বিমান ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের সংকেত হিসেবে ব্যবহৃত হয়। এদিকে, পুলিশ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বোমার হুমকি পাওয়ার পরই বিমানটিকে জরুরি ভিত্তিতে অন্য বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা নিরাপদে রয়েছেন এবং তাদের সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে। তবে বোমার হুমকি কতটা বিশ্বাসযোগ্য ছিল, বিমানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া গেছে কি না এবং জরুরি সংকেত দেওয়ার সঙ্গে হুমকির সম্পর্ক কী—এসব বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত