প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
জুলাই হত্যার বিচার নিয়ে প্রশ্ন এনসিপির
সংবাদ দিগন্ত ||
সরকারের মুখে জুলাই গণ-অভ্যুত্থানের কথা থাকলেও অন্তরে আওয়ামী লীগ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, রাষ্ট্র সংস্কারের পরিবর্তে সরকার ক্ষমতাকেন্দ্রিক ব্যবসা, দুর্নীতি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে এগোচ্ছে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচারও দায়সারা বিষয়ে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এনসিপির জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণবিষয়ক কমিটি এ সভার আয়োজন করে। হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁরা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু বাস্তবে রাষ্ট্রের কাঠামো না বদলে শুধু ক্ষমতার চেয়ার বদল হয়েছে। কেউ সংসদ সদস্য হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন; অথচ রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামোয় পরিবর্তন আসেনি। তাঁর ভাষায়, ফিটনেসবিহীন গাড়িতে দক্ষ চালক বসালেও গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। রাষ্ট্রের কাঠামো ঠিক না হলে সরকারও সফল হতে পারবে না। বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত বিএনপির নেতা-কর্মীরা এখন দলে যথাযথ গুরুত্ব পাচ্ছেন না। বরং ৫ আগস্টের পর বিএনপিতে যুক্ত হওয়া একটি অংশ ব্যবসায়িক সুবিধা ও প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ।আরোও পড়ুন,ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা, তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি তিনি বলেন, ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা না করেই অনেক মামলায় বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পরে এসব মামলা অর্থ আদায় ও আপস-বাণিজ্যের উপলক্ষ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে হাসনাত বলেন, ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে। কর্মসংস্থান সৃষ্টি, ডিলারশিপ ও সরকারি ঠিকাদারি কাজ বণ্টনে স্বজনপ্রীতির অভিযোগও তোলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ তুলে জবাবদিহি দাবি করেন এনসিপির এই নেতা। সভায় এনসিপির অন্যান্য নেতারাও জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত করা, নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং বিচার দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানান। বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকে বিচার ও তদন্তপ্রক্রিয়ায় সর্বোচ্চ আন্তরিকতা নিশ্চিত করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত