প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
পেরুতে বিটিএসের রেকর্ড উন্মাদনা
সংবাদ দিগন্ত ||
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় তিনটি কনসার্টে ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক মাতিয়েছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। দেশটিতে এটিই দলটির প্রথম সফর। ‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে ৭, ৯ ও ১০ অক্টোবর লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে পারফর্ম করে দলটি। শুরুতে দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও ভক্তদের ব্যাপক চাহিদার কারণে তৃতীয় কনসার্টের আয়োজন করে বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক। তিনটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়। প্রিয় তারকাদের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ভক্তরা। সদস্যরাও কয়েকবার স্প্যানিশ ভাষায় কথা বলে দর্শকদের ভালোবাসা জানান। স্প্যানিশ ভাষায় ‘লস আমোস’ বলে ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তাঁরা, যার অর্থ ‘আমি তোমাদের ভালোবাসি’। পেরুর দর্শকদের উচ্ছ্বাস দেখে আরও আগে দেশটিতে কেন আসেননি, সেই বিস্ময়ের কথাও জানান বিটিএস সদস্যরা। আরোও পড়ুন,হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রুশনাফ ওয়াদুদ, শোক সংগীতাঙ্গনেএদিকে, ১৩ অক্টোবর সদস্য জিমিনের জন্মদিন উপলক্ষে লিমাজুড়ে বিশেষ আয়োজন করেন ভক্তরা। ডিজিটাল বিলবোর্ড, সড়কের ব্যানার, এলইডি পর্দাসংবলিত ট্রাকের পাশাপাশি আয়োজন করা হয় ড্রোন শো। রাতের আকাশে ড্রোনের আলোয় ফুটে ওঠে জিমিনের নাম, ছবি ও জন্মদিনের শুভেচ্ছাবার্তা। লিমায় বিটিএসের শেষ কনসার্টে বিদায়ী বক্তব্যের সময় ভক্তরা জিমিনের জন্য জন্মদিনের গান গেয়ে শোনান। ভক্তদের ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে তিনি জানান, পৃথিবীর অন্য প্রান্ত থেকে পাওয়া এই ভালোবাসা সব সময় মনে রাখবেন। বিটিএসের কনসার্ট ঘিরে পেরুর পর্যটন ও ব্যবসায়িক খাতেও ইতিবাচক প্রভাবের প্রত্যাশা করা হচ্ছে। হোটেল, খাবার, পরিবহন, পর্যটন ও স্মারক পণ্য বিক্রির মাধ্যমে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে, সদস্যদের ব্যক্তিগত পরিসর রক্ষায় ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতা আরএম। হোটেলের বাইরে ভিড় করা, কক্ষের ওপর ড্রোন ওড়ানো কিংবা সদস্যদের দিকে লেজার আলো তাক করার মতো আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ভক্তদের জাতীয়তা বা মহাদেশ দিয়ে আলাদা করে দেখার সুযোগ নেই; সম্মানজনক আচরণই হওয়া উচিত সবার পরিচয়। লিমা সফর শেষে বিটিএসের পরবর্তী গন্তব্য চিলির সান্তিয়াগো। ১৫ থেকে ১৭ অক্টোবর সেখানে কনসার্ট করবে দলটি। এরপর আর্জেন্টিনা ও ব্রাজিলেও পারফর্ম করার কথা রয়েছে তাদের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত