প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরে বিক্ষোভ বন্ধ, আন্দোলনের মাঠে ভাড়া আরোপ নিয়ে বিতর্ক
সংবাদ দিগন্ত ||
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের স্থান নির্ধারণ এবং মাঠ ভাড়া নেওয়ার নতুন ব্যবস্থা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় বিজেপি সরকারের এই ব্যবস্থার সমালোচনা করছেন বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনগুলো। তাদের অভিযোগ, বিক্ষোভের জন্য নির্দিষ্ট স্থান ও আর্থিক শর্ত আরোপের ফলে সাধারণ মানুষের প্রতিবাদ জানানোর সুযোগ সীমিত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ঐতিহ্যবাহী প্রতিবাদস্থল যন্তর মন্তরে বিক্ষোভ আয়োজন বন্ধ হয়ে যাওয়ার পর আন্দোলনকারীদের জন্য তিনটি বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এসব স্থানে কর্মসূচি আয়োজন করতে হলে মাঠ ভাড়া, নিরাপত্তা জামানত এবং দিল্লি পুলিশের অনুমতির প্রয়োজন হবে। এর মধ্যে রামলীলা ময়দানে এক দিনের জন্য জায়গা ভাড়া নিতে ১ লাখ ২১ হাজার ৮০ রুপি দিতে হবে। এর সঙ্গে রয়েছে ৫৫ হাজার রুপির নিরাপত্তা জামানত। পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে নির্দিষ্ট পরিমাণ জায়গা এক দিনের জন্য ভাড়া নিতে খরচ হতে পারে ১ লাখ ৮৭ হাজার রুপি। সেখানে নিরাপত্তা জামানত ৯৫ হাজার রুপি।আরও পড়ুন,ডিএসইতে বড় দরপতন, প্রধান সূচক কমেছে ৪৬ পয়েন্ট এ ছাড়া উত্তর দিল্লির বুরারি ময়দানকেও বিকল্প স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সেখানে ভাড়ার নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সমালোচকদের মতে, এত বেশি অর্থ ব্যয় করে বিক্ষোভ আয়োজন করা অনেক ছোট রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও সাধারণ আন্দোলনকারীর জন্য কঠিন হয়ে উঠতে পারে। তাঁদের আশঙ্কা, এতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও দাবি তুলে ধরার সুযোগ সংকুচিত হবে। অন্যদিকে, নির্ধারিত স্থানে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে দিল্লি পুলিশের অনুমতিও গুরুত্বপূর্ণ। ফলে মাঠ ভাড়া নেওয়ার সামর্থ্য থাকলেও অনুমতি না পেলে কর্মসূচি আয়োজন সম্ভব হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতে অতীতেও জনসমাবেশের স্থান নিয়ে বিতর্ক দেখা গেছে। ২০১১ সালে দুর্নীতিবিরোধী আন্দোলনে রামলীলা ময়দান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যন্তর মন্তরও দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক আন্দোলনের পরিচিত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত