প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূল: ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি থেকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ ও পক্ষগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সকালে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়নে সবচেয়ে কম অবদান রেখেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষকে। অথচ এই সংকট মোকাবিলায় তাদের ক্ষয়ক্ষতির তুলনায় প্রয়োজনীয় সহায়তা ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। জলবায়ু পরিবর্তনের জন্য অধিক দায়ী দেশ ও পক্ষগুলোকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব নিতে হবে।বক্তারা আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো বহুমুখী সংকট মোকাবিলা করছেন। এসব দুর্যোগে মানুষের বসতভিটা, কৃষিজমি, জীবিকা ও সুপেয় পানির উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে।আরও পড়ুন, ‘কন্যা করবে বিশ্বজয়’প্রতিপাদ্যে কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন বারবার দুর্যোগে নিঃস্ব হয়ে অনেকে বাস্তুচ্যুত হচ্ছেন। জীবিকার তাগিদে কেউ কেউ নিজের এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছেন।
তাঁদের মতে, জলবায়ু পরিবর্তনের ক্ষতি শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা, সুপেয় পানির প্রাপ্যতা ও সামাজিক সুরক্ষার ওপরও গভীর প্রভাব ফেলছে। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষা, অভিযোজন কার্যক্রম জোরদার এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
সমাবেশে বক্তারা বলেন, কপ৩১-এর মতো আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উপকূলীয় অঞ্চলের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও দুর্ভোগকে গুরুত্ব দিতে হবে। জলবায়ু সংকটের জন্য দায়ী পক্ষগুলোর কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় অগ্রাধিকার পাওয়া উচিত।
গ্রীন কোয়ালিশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সদস্যসচিব শরীফুল্লাহ কায়সার সুমন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান এবং বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজানসহ অন্যরা।
কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দায়ী পক্ষগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত