প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রুশনাফ ওয়াদুদ, শোক সংগীতাঙ্গনে
সংবাদ দিগন্ত ||
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা। আনান সিদ্দিকা জানান, রুশনাফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করছিলেন এই শিল্পী। শারীরিক অসুস্থতা ও কষ্টের মধ্যেও সংগীতের প্রতি তাঁর ভালোবাসা কমেনি। অসুস্থতার মধ্যেও মাঝেমধ্যে গান গাইতেন তিনি। বন্ধু রুশনাফের স্মৃতিচারণা করতে গিয়ে আনান সিদ্দিকা জানান, তাঁদের সর্বশেষ কথোপকথনে রুশনাফ বলেছিলেন, তিনি হয়তো আর বেশিদিন বাঁচবেন না। আরও পড়ুন,অল্পের জন্য রক্ষা পেলেন তিশাবন্ধুর এমন কথার স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আনান সিদ্দিকার ভাষায়, শারীরিক কষ্টের মধ্যেও গান গাওয়া ছিল রুশনাফের মানসিক আনন্দের অন্যতম উৎস। সংগীতাঙ্গনে রুশনাফ ওয়াদুদ পরিচিতি পেয়েছিলেন ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে। গায়ক হিসেবে পরিচিতি অর্জনের পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরবর্তী সময়ে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন এই শিল্পী। দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের কাছে পরিচিত ও জনপ্রিয়। এ ছাড়া আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এ ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন রুশনাফ ওয়াদুদ। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত