প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-স্পেন সম্পর্ক জোরদারে গুরুত্ব, স্পেনের রাজাকে জামায়াত আমিরের শুভেচ্ছাপত্র
সংবাদ দিগন্ত ||
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ সময় স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন তিনি। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে স্পেন দূতাবাসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে ডা. শফিকুর রহমান দেশটির জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপ, রাজপরিবার, সরকার ও স্পেনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। আরও পড়ুন,জাতীয় পার্টির চেয়ারম্যানের বিচার চেয়ে বাসার সামনে মিছিলশুভেচ্ছাপত্রে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।চিঠিতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রবাসীরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন—এ বিষয়টি শুভেচ্ছাবার্তায় স্থান পেয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। কূটনৈতিক সৌজন্য বিনিময়ের এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা তুলে ধরা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত