প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, ট্রাক জব্দ
মোঃ এনামুল মন্ডল ||
রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো. আরিফ হোসেন (৩২)। পুলিশের ভাষ্য অনুযায়ী, রমজান আলী এই মাদকের চালানের মূল কারবারি।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।পরে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। আরও পড়ুন, দুই হাত ছাড়াই স্কুল গড়েছেন দুঃখু মিয়া, ১৪৫ শিশুর ভবিষ্যৎ গড়তে পাশে ডিসি ইসরাতট্রাকের চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তির কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাঁদের আটক করেন।পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন তিন কেজি এবং বাজারমূল্য ৯০ লাখ টাকা।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত টাটা কার্গো ট্রাকটি জব্দ করা হয়। পাশাপাশি Redmi 12 5G ও TECNO KM5 মডেলের দুটি স্মার্টফোন এবং Winstar W500MID মডেলের একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(গ)/১০(গ) ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত