প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
মরণফাঁদ আমানিপুর ব্রিজ ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থী
এম এ মান্নান ||
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রামের ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সড়কের সংস্কার কাজ না হওয়ায় ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষ।সরেজমিনে দেখা যায়, ব্রিজের দুই পাশে মাটি না থাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে পথচারীদের। প্রায়ই ব্রিজ পার হতে কোমলমতি শিক্ষর্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে এই ব্রিজ দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।দাতিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিরুল ইসলাম আবেগজড়িত কণ্ঠে বলেন,আমি প্রতিদিন দেখি আমার ছোট ছোট ছাত্র-ছাত্রীরা ব্যাগ কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে এই ভাঙা ব্রিজ পার হয়। অনেক সময় পা পিছলে পড়ে যায়, বই-খাতা কাদায় ভিজে যায়। একজন শিক্ষক হিসেবে এই দৃশ্য আর সহ্য হয় না। আমি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে হাতজোড় করে অনুরোধ করছি,আমাদের বাচ্চাদের জন্য ব্রিজটি ঠিক করে দিন।আরও পড়ুন, আশুলিয়ায় রাতভর অভিযান: শাওনসহ ৬ জন আটকশিক্ষক ধনঞ্জয় বিশ্বাস বলেন, আমার স্কুলের অনেক ছাত্রী এই ব্রিজের ভয়ে স্কুলে আসতে চায় না। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় যদি একবার এসে দেখতেন, তাহলে বুঝতেন আমাদের কষ্টটা কতটা গভীর।বিএনপির ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন বলেন, ব্রিজের দুই পাশে মাটি না থাকার কারণে প্রতিনিয়ত শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মহোদয় এবং মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত ব্রিজটি সংস্কার করা হোক।এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। যেহেতু এখানে ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত ব্যথা পাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে, তাই আমরা দ্রুত সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।এলাকাবাসীর আকুল আবেদন, মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও উপজেলা প্রশাসন যেন দ্রুত ব্রিজটি পরিদর্শন করে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত