প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
রিয়াদগামী ৮টি ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী চারটি এয়ারলাইনসের আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে।
রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, তাদের স্থগিত হওয়া দুটি ফ্লাইটের বিষয়ে সোমবার দুপুর ১২টায় বিস্তারিত জানানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট দুটি সোমবার ও মঙ্গলবার ঢাকা–রিয়াদ এবং রিয়াদ–ঢাকা রুটে চলাচলের কথা ছিল। কিন্তু বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। আরও পড়ুন, ১৯ অক্টোবর উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান, থাকছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে। এতে দুই দেশের মধ্যে আকাশপথে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এতে দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিমানবন্দরের পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই যাত্রীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত