প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে বিক্ষোভে আটক ইমরান খান, লেখা ওয়াশিংটন ও জায়েন মারি মুক্ত
সংবাদ দিগন্ত ||
ভারতের মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। তাঁর সঙ্গে আটক হয়েছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের কারণ না জানানো এবং বাড়ি ফেরার পথে বাধা দেওয়ার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। শনিবার, ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে বিক্ষোভে অংশ নেন ইমরান ও তাঁর দুই সঙ্গী। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ইমরান ও তাঁর সঙ্গীদের টেনেহিঁচড়ে একটি ভ্যানে তুলছে। পরে তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়ে নিরাপদে থাকার কথা জানান লেখা ওয়াশিংটন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি ভিডিওতে তিনজনকে বাড়ি ফিরে পরস্পরকে জড়িয়ে ধরতে দেখা যায়। তবে মুক্তির পরও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন লেখা। আরও পড়ুন,জন্মদিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন আব্রাম খান জয়, আবেগঘন শুভেচ্ছা অপুরতাঁর দাবি, বাড়ি ফেরার জন্য ট্যাক্সি নিতে দেওয়া হয়নি। পুলিশ চালকদের হুমকি দিচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, জায়েন মারি খানের দাবি, আটকের কারণ জানতে চাইলেও পুলিশ স্পষ্ট কোনো উত্তর দেয়নি। ইয়েলো গেট থানার কর্মকর্তারাও এ বিষয়ে তাঁদের কিছু জানাননি। থানা থেকে বের হওয়ার চেষ্টা করলে এক পুলিশ কর্মকর্তা তাঁদের পিছু নেন এবং বারবার ‘দুই মিনিট’ বলে সময়ক্ষেপণ করেন বলেও অভিযোগ করেন তিনি। ইমরান খানের অভিযোগ, তাঁদের তিনজনকে পুলিশের ভ্যানে করে প্রায় দুই ঘণ্টা ঘোরানো হয়। কিন্তু কেন আটক করা হয়েছে, তা জানানো হয়নি। আটকের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতাও করেন অভিনেতা। পুলিশের ভ্যানে বসে নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’ এদিকে, মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ করার জন্য অনুমতি নেওয়া হয়নি। তবে সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ইমেইলের মাধ্যমে অনুমতি চেয়েছিলেন, কিন্তু কোনো জবাব পাননি। ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এই আন্দোলনের অন্যতম দাবি। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিসহ অন্যান্য শহরেও বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত