প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি পিকআপ ভ্যান, একটি বড় কাটার, ১২টি রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৫ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানাধীন ইটাহাটা সাকিনস্থ ভাওয়াল কলেজের উত্তর পাশে সিদ্দিক টাওয়ারের সামনে পাকা রাস্তা থেকে একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান আটক করা হয়। পরে ওই পিকআপ থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আরও পড়ুন,গাজীপুরে হিন্দু সংখ্যালঘু পরিবারের ভিটি-বাড়ি উচ্ছেদ ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভাগ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর থানার কদিম কাকনা এলাকার মৃত গণি ও রাবেয়া বেগমের ছেলে শিমুল শেখ (৪৫), বগুড়ার নন্দীগ্রাম থানার টিচিগাড়ী এলাকার জাহিদ আলী আহমেদের ছেলে মজিদ আহমেদ (৪৫), নওগাঁর আত্রাই থানার রসুলপুর এলাকার সবুজ আলী (৩২), বগুড়ার দুপচাঁচিয়া থানার উতুরা দক্ষিণপাড়া এলাকার রেজাউল করিম রেজা (৪৫), টাঙ্গাইলের ভূঞাপুর থানার উটি বররা এলাকার ওমর আলী জীবন (৩৫) এবং ঢাকার শাহ আলী থানার মিরপুর শাহ আলী এলাকার আহমদ (৪৭)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান, একটি কাটার, ১২টি রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার শিমুল শেখের বিরুদ্ধে চুরি, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা এবং মজিদ আহমেদের বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ভারপ্রাপ্ত) কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত