প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের বাধা দূর করার দাবি ঢাকার
সংবাদ দিগন্ত ||
ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সহজ করতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পরও বিদ্যমান শুল্কসুবিধা বহাল রাখার প্রস্তাব দিয়েছে ঢাকা। ভারতের নয়াদিল্লিতে গত ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভায় এসব বিষয় গুরুত্ব পায়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশি রপ্তানিকারকদের স্বার্থ রক্ষায় ভারতের স্থলবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি পণ্যের মান নির্ধারণে দুই দেশের মধ্যে সামঞ্জস্য আনা এবং ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সনদ পাওয়ার প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেওয়া হয়। এলডিসি থেকে উত্তরণের পর দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা বা সাফটা চুক্তির আওতায় ভারতীয় বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কসুবিধা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়। আরও পড়ুন,বাংলাদেশি পাটপণ্য ও পিইটি ফিল্মের অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবিআঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে পণ্যবাহী ট্রাক চলাচলের সুযোগ বাড়ানোর প্রস্তাবও তুলে ধরে ঢাকা। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ জোরদারে সিইওস ফোরাম কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থলবন্দরের কার্যক্রম গতিশীল করতে প্রবেশপথ, পার্কিং ইয়ার্ড, গুদাম, শেড এবং পণ্য পরীক্ষা ও কোয়ারেন্টিন সুবিধা উন্নয়নের প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের নির্দিষ্ট কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারতীয় তুলার সুতা ও অন্যান্য পণ্য রপ্তানির বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে নয়াদিল্লি। ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি, আখাউড়া-আগরতলা রুটের কার্যকারিতা বৃদ্ধি, রেল যোগাযোগ এবং সীমান্ত হাটের কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। সব মিলিয়ে, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে বাজারে প্রবেশের বাধা কমানো, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক পরিবহনব্যবস্থা জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত