প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা-৫৫০) নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর '২৬) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত এবং সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, বিএনপি শ্রমিকবান্ধব রাজনৈতিক দল। শ্রমিকদের উন্নয়ন ও কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, মোটর শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের দ্বারা পরিচালিত হবে; এখানে কোনো নেতার মাতব্বরি চলবে না। শ্রমিক নেতাদের মূল দায়িত্ব হবে শ্রমিকদের কল্যাণে কাজ করা এবং সংগঠনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলন-সংগ্রাম ও ন্যায্য দাবি আদায়ে তিনি সব সময় পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখতে চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, কার্যকরী সভাপতি মো. জামালউদ্দীন, সহসভাপতি মো. শহিদুল ইসলাম কালু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু এবং মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আরিফুল ইসলাম আলোসহ অন্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর সকলের অংশগ্রহণে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার তাঁদের বক্তব্যে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফের সহযোগিতা ও ভূমিকার প্রশংসা করা হয়। তাঁরা দাবি করেন, ৩ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছিল। তবে নানা প্রতিকূলতা মোকাবিলা করে নির্বাচন সম্পন্ন হয় এবং নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বক্তারা নতুন কমিটির কাছে শ্রমিকদের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হক নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন টিটু, সহসভাপতি শামীমুর রহমান সাদ্দাম ও খোন্দকার বদুউর রহমান, সাধারণ সম্পাদক শেখ মামুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক মো. আশরাফুজ্জামান সাজু, সহযুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাজু আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মো. মশিয়ার রহমান, প্রচার সম্পাদক মো. মিন্টু, সহপ্রচার সম্পাদক আনোয়ার হোসেন আশিক, সমাজকল্যাণ সম্পাদক মো. জুলফিকার হোসেন, অফিস সম্পাদক তরিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ শেখ আব্দুল মজিদ।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে শপথ নেন মো. আজিজুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, মো. আব্দুস সামাদ, মো. নুর আলম গাজী, মো. বিল্লাল হোসেন, মো. মোতাহার হোসেন, শফিকুল ইসলাম ও মো. হোসেন আলীসহ অন্যরা।
অনুষ্ঠানে জেলা বাস মালিক সমিতির কর্মকর্তা, নবনির্বাচিত কমিটির সদস্য এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চিফ স্টার্টার শেখ আব্দুল আলীম।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত