প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের পদায়ন নিয়ে অনিশ্চয়তা
সংবাদ দিগন্ত ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিদ্যালয়ে পদায়নের সময়সীমা দ্বিতীয় দফায় পিছিয়ে আগামী ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের পরিচিতিমূলক ওরিয়েন্টেশন প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। বারবার পদায়নের তারিখ পরিবর্তন ও প্রশাসনিক সমন্বয়হীনতার অভিযোগে ক্ষুব্ধ নবনিযুক্ত শিক্ষকেরা প্রশিক্ষণ বর্জনসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২ থেকে জারি করা অফিস আদেশে পদায়নের নতুন সময়সূচি জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগদান করেন। ৪ অক্টোবর তাঁদের বিদ্যালয়ভিত্তিক পদায়নের কথা থাকলেও প্রথম দফায় তা পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়। এর মধ্যে ৪ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়। পরে আবারও পদায়নের সময়সীমা বাড়িয়ে ১৮ অক্টোবর নির্ধারণ করায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।আরও পড়ুন , দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কমতে পারে তাপমাত্রানবনিযুক্ত শিক্ষকদের অভিযোগ, চূড়ান্ত সুপারিশের পর দীর্ঘ আট মাস ধরে তাঁরা অনিশ্চয়তা, আর্থিক সংকট ও মানসিক চাপের মধ্যে রয়েছেন। নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে এর আগে শাহবাগ ও শিক্ষা অধিদপ্তরের সামনে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হয়েছে তাঁদের।প্রশিক্ষণ আয়োজনেও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, অনেক জেলায় খাবারসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকায় নিজস্ব অর্থে প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়েছে। কোনো কোনো জেলায় প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণও করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো এবং পদায়ন পেছানোর সিদ্ধান্তকে তাঁরা অযৌক্তিক বলে মনে করছেন।শিক্ষকদের আরও অভিযোগ, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মাগুরাসহ কয়েকটি জেলায় ইতোমধ্যে পদায়ন সম্পন্ন হলেও অন্য জেলাগুলোতে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার দায় ১৪ হাজার ৩৮৪ জন নবনিযুক্ত শিক্ষককে বহন করতে হচ্ছে বলেও তাঁরা দাবি করেন।এ পরিস্থিতিতে চার দফা কর্মসূচি ঘোষণা করেছেন নবনিযুক্ত সহকারী শিক্ষকেরা। কর্মসূচির মধ্যে রয়েছে ৬১ জেলার সব উপজেলায় বর্ধিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ বর্জন এবং শনিবার দুপুর ২টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত