প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
নগদ ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
সংবাদ দিগন্ত ||
বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ কোটার আওতায় নগদ বৈদেশিক মুদ্রা কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত মানি চেঞ্জারগুলো থেকে একজন বিদেশগামী সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত নগদ কিনতে পারবেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগে অনুমোদিত মানি চেঞ্জারগুলো থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার অথবা সমপরিমাণ অন্য বৈদেশিক মুদ্রা কেনার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে এককালীন নগদ ডলার কেনার সীমা ১ হাজার ডলার বাড়ানো হলো।আরও পড়ুন, রাজধানীর বাজারে শীতের আগাম সবজি, মাছের দামে অস্বস্তিকেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশগামী যাত্রীরা ভ্রমণ কোটার আওতায় নির্ধারিত সীমার মধ্যে নগদ ডলার কেনার ক্ষেত্রে আরও সুবিধা পাবেন। বিশেষ করে যাঁদের ভ্রমণের আগে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে হয়, তাঁদের জন্য প্রক্রিয়াটি সহজ হবে বলে আশা করা হচ্ছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যক্তিগত ভ্রমণের বার্ষিক কোটার অবশিষ্ট অংশ গ্রাহকের চাহিদা অনুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এনডোর্স করার সুবিধা বহাল থাকবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী সাধারণ মানুষের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করা এবং মুদ্রা এনডোর্সমেন্ট প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নির্দেশনার ফলে অনুমোদিত মানি চেঞ্জার থেকে নগদ ডলার সংগ্রহের সুযোগ বাড়লেও ভ্রমণকারীদের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য নিয়ম ও বার্ষিক ভ্রমণ কোটার শর্ত বহাল থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত