প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
সার ডিলার নিয়োগে হাজার কোটি টাকার বাণিজ্যের অভিযোগ সারজিসের
সংবাদ দিগন্ত ||
ইউনিয়ন পর্যায়ে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা হাজার কোটি টাকার বাণিজ্য শুরু করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলম দাবি করেন, প্রতিটি ইউনিয়নে নতুন করে এক বা একাধিক সার ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে এসব ডিলারের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হচ্ছে।
তার অভিযোগ, উপজেলা ইউএনও কার্যালয় থেকে যে তালিকা পাঠানো হচ্ছে তা উপজেলা বিএনপির নেতারা তৈরি করছেন। বিএনপির সঙ্গে সম্পৃক্ত না হলে যোগ্য ও নির্দলীয় ব্যক্তিদের নাম ওই প্রাথমিক তালিকায় থাকার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
সারজিস আরও অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতারা নিজেদের নামে কিংবা স্ত্রী ভাই-বোন ও বাবা-মায়ের নামে ডিলারশিপ নেওয়ার চেষ্টা করছেন। আরও পড়ুন,তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমানতাঁর দাবি, রাজনৈতিক পরিচয় বা লবিং ছাড়া কোনো নির্দলীয় ব্যক্তি ডিলারশিপের প্রাথমিক তালিকায় থাকার সুযোগ পাচ্ছেন না।
ফেসবুক পোস্টে সারজিস আলম আরও দাবি করেন, স্থানীয়ভাবে একটি সার ডিলারশিপের লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত দর উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মী বা প্রশাসনের কোনো বক্তব্য তিনি তাঁর পোস্টে উল্লেখ করেননি।
তিনি আরও অভিযোগ করেন, বিপুল অর্থ ব্যয় করে কেউ ডিলারশিপ পেলে পরে সেই অর্থ তুলে নিতে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট তৈরির মতো কর্মকাণ্ডে জড়ানোর আশঙ্কা থাকে। এতে কৃষকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সারজিসের দাবি, এভাবে বিভিন্ন ক্ষেত্রে দলীয় নেতাকর্মী বা তাদের ঘনিষ্ঠদের হাতে লাইসেন্স তুলে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে একটি সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকটের মাধ্যমে বাজারে পণ্যের দাম বাড়ানোর পরিস্থিতি তৈরি হতে পারে।
পোস্টের শেষাংশে সারজিস আলম দাবি করেন, সংকটের কারণ দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ফলে শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তবে তাঁর উত্থাপিত অভিযোগগুলোর স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত