প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক অঙ্গনে আরও এক সাফল্য পেল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’
সংবাদ দিগন্ত ||
রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’ একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়াচ্ছে। এবার ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সিনেমাটি। ৪ অক্টোবর নির্মাতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর জানিয়েছেন। নির্মাতা সুমিত জানান, তাসকানির লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়ার এই অর্জন ‘মাস্টার’ সিনেমাটির সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ। এর আগে বিখ্যাত রটারড্যাম চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়ে আলোচনায় এসেছিল সিনেমাটি। লুক্কা চলচ্চিত্র উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে এবার বেশ কয়েকটি শক্তিশালী সিনেমা অংশ নেয়। সেখান থেকে ‘মাস্টার’কে সেরা চলচ্চিত্র হিসেবে বেছে নেয় জুরি বোর্ড। জুরি বোর্ডের বক্তব্যে বলা হয়, স্থানীয় একটি গল্পের মাধ্যমে বর্তমান বিশ্বে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংকট তুলে ধরার সক্ষমতার জন্য সিনেমাটিকে পুরস্কৃত করা হয়েছে। সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত চিত্রনাট্যের মাধ্যমে একজন শিক্ষকের গল্প তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে নীতি-আদর্শ এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার। আরও পড়ুন,অ্যাভাটার’কে পেছনে ফেলে বক্স অফিসের শীর্ষে ‘এন্ডগেম’তবে ব্যক্তিস্বার্থকে সাধারণ মানুষের কল্যাণের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া একটি রাজনৈতিক ব্যবস্থার জটিলতায় তার সেই আদর্শ বাধাগ্রস্ত হয়। এবারের লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্ব চলচ্চিত্রের দুই পরিচিত নির্মাতা নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। একই উৎসবে পরিচালক নিকোলাস উইন্ডিং রেফনও তার নতুন সিনেমা নিয়ে উপস্থিত ছিলেন। পুরস্কার জয়ের পর নিজের পুরো কলাকুশলী দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা সুমিত। তিনি দলের সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন। আন্তর্জাতিক উৎসবে একের পর এক সাফল্য পেলেও ‘মাস্টার’ এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, দেশে সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। অনুমতি মিললেই দর্শকদের জন্য দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ‘মাস্টার’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না ও মাহমুদ আলমসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত