প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব শিক্ষক দিবস ,১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
সংবাদ দিগন্ত ||
আজ বিশ্ব শিক্ষক দিবস। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি এবং তাদের পেশাগত মর্যাদা তুলে ধরতে এ বছর দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষক পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র।সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে। দুপুর ২টায় শুরু হবে অনুষ্ঠানটি।শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের সম্মান ও মর্যাদা আরও সুদৃঢ় করাই দিবসটির অন্যতম লক্ষ্য।আরও পড়ুন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে অটোরিকশার অবাধ চলাচলসম্মাননার তালিকায় প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিক পর্যায়ের ২০ জন, কলেজ পর্যায়ের ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক রয়েছেন। এ ছাড়া চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষকও রয়েছেন তালিকায়।প্রাথমিক পর্যায়ের সম্মাননাপ্রাপ্তদের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদ্রাসার ২ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন শিক্ষক রয়েছেন। কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন শিক্ষক সম্মাননা পাবেন।সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা বিস্তার ও মানবসম্পদ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাদের কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা শিক্ষক সমাজকে আরও উৎসাহিত করবে এবং শিক্ষাক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত