প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে দেশে
সংবাদ দিগন্ত ||
অভিযোগ উঠলেই মামলা, তদন্ত ও বিচারের অপেক্ষা না করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে সামনে আসছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলেই একদল মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে তাৎক্ষণিক ‘বিচার’ করে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধ, জমি দখল, অপরাধের অভিযোগ কিংবা প্রশাসনিক অভিযানের বিরোধিতায় দলবদ্ধ শক্তি প্রয়োগের ঘটনাও ঘটছে। এতে প্রশ্নের মুখে পড়ছে আইনের শাসন এবং নাগরিক নিরাপত্তা।সাম্প্রতিক কয়েকটি ঘটনা পর্যালোচনায় দেখা যায়, অপরাধের অভিযোগের সত্যতা যাচাই কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শেষ হওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তি, তাঁর বাড়ি বা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। কোথাও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আবার প্রতিবাদের নামে সরকারি সম্পদেও হামলা হচ্ছে।গত ১৬ সেপ্টেম্বর পাবনা সদরে নিখোঁজ এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের পর পুলিশ প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করে। এর দুই দিন পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রধান অভিযুক্তের দোতলা বাড়িতে হামলা চালিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেয় এবং মূল্যবান মালামাল নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। ২১ সেপ্টেম্বর রাজশাহীতে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধের পর রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর করেন।আরও পড়ুন, ট্রাম্পের সঙ্গে তারেক-জুবাইদার ছবি প্রকাশ২২ সেপ্টেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ২৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশধারী শতাধিক ব্যক্তির হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে। এ ঘটনায় পরে মামলা হলে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।এ ছাড়া কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে স্থানীয় বিরোধের জেরে বাড়ি ও পাটের গুদামে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ময়লার গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ও ভেকুতে ভাঙচুরের পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও পাওয়া যায়।অপরাধ বিশেষজ্ঞদের মতে, আইন নিজের হাতে তুলে নেওয়ার পেছনে বিচারব্যবস্থার ওপর আস্থার ঘাটতি, অপরাধ করে পার পাওয়ার ধারণা, পুলিশের সক্ষমতা ও জনআস্থার সংকট, সামাজিক ও রাজনৈতিক মেরুকরণ এবং তাৎক্ষণিক শাস্তির মানসিকতা কাজ করছে। কোনো ঘটনায় দ্রুত বিচার না হলে কিংবা অপরাধীরা শাস্তি এড়িয়ে গেলে সাধারণ মানুষের একাংশের মধ্যে নিজেরাই ব্যবস্থা নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত