প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু আহত ৬৭৪
সংবাদ দিগন্ত ||
সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু। মোট নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। একই সময়ে পথচারী নিহত হয়েছেন ১০৬ জন, যা মোট মৃত্যুর ২৫ দশমিক ৫ শতাংশ।
রোববার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনাবিষয়ক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ৮৪ শতাংশ ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এ ছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন।
দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ১৭৮টি বা ৪০ দশমিক ২৭ শতাংশ ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ১৪৫টি, গ্রামীণ সড়কে ৫৬টি এবং শহরের সড়কে ৬৩টি দুর্ঘটনা ঘটেছে। আরও পড়ুন , এক দিনের রিমান্ড শেষে আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১৬৮টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে। ১০৯টি দুর্ঘটনায় পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া হয়েছে। এ ছাড়া ৯৮টি মুখোমুখি সংঘর্ষ এবং ৬১টি যানবাহনের পেছনে আঘাতের ঘটনা ঘটেছে।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে গাজীপুরে সর্বোচ্চ ৩৮ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৫২টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
সংস্থাটি বলছে, অধিকাংশ সড়ক দুর্ঘটনা অতিরিক্ত গতির কারণে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর ফলে ঘটছে। বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি, চালকদের প্রশিক্ষণ, ত্রুটিপূর্ণ যানবাহন প্রত্যাহার, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছে তারা। একই সঙ্গে সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণার সুপারিশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত