প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে একই দিনে পৃথক দুই স্থানে আগুন, গার্মেন্টসে উদ্ধার ৬৯ জন
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুর মহানগরে একই দিনে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেট-সংলগ্ন মেট্রিক্স স্টাইল গার্মেন্টসের আটতলা ভবনে আগুন লাগে। এ ঘটনায় ভবনের বিভিন্ন স্থান ও ছাদে আটকা পড়া ৬৯ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একই দিন বিকেলে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় একটি গোডাউনেও আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে মেট্রিক্স স্টাইল গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারটি ফায়ার স্টেশনের মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ কাজে অংশ নেয়।
আগুন লাগার পর ভবনের শ্রমিকসহ অন্যরা আতঙ্কে বের হওয়ার চেষ্টা করেন। অনেকে ভবনের ওপরের দিকে উঠে ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের বিভিন্ন স্থান ও ছাদে অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আরও পড়ুন, ফেনীতে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরও ভবনের বিভিন্ন স্থানে তাপ ও আগুনের উৎস থাকায় সম্পূর্ণ নির্বাপণের কাজ চালানো হয়।
তিনি জানান, ঘটনাস্থলে পানির সংকট ছিল। এ কারণে আশপাশের বিভিন্ন হাইরাইজ ভবনের আন্ডারগ্রাউন্ডে সংরক্ষিত পানি সংগ্রহ করে আগুন নির্বাপণের কাজে ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া হাইরাইজ ভবনে অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যবহৃত বিশেষায়িত গাড়িও ঘটনাস্থলে নেওয়া হয়। সরু রাস্তার কারণে এসব গাড়ি ঘটনাস্থলে নেওয়া কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল। এরপরও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রচণ্ড তাপের মধ্যে বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে আগুনের উৎসে পৌঁছে নির্বাপণ কার্যক্রম চালান।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
টঙ্গীতে গোডাউনে আগুন
এদিকে একই দিন বিকেল ৪টার দিকে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত