প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
প্রথম দিনেই বাজিমাত দৃশ্যম ৩-এর বিশ্বব্যাপী আয় ৯৫ কোটি রুপি
সংবাদ দিগন্ত ||
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত বলিউড সিনেমা ‘দৃশ্যম ৩’। ভারতে প্রথম দিনে ছবিটির ১৫ হাজার ৭৫৯টির বেশি শো হয়েছে। সকাল থেকে দর্শকের উপস্থিতি বাড়তে থাকে। দিনের শুরুতে আসন পূর্ণতার হার ছিল ৪৬ দশমিক ৩৮ শতাংশ। দুপুরে তা বেড়ে ৭০ দশমিক ১৫ শতাংশ, সন্ধ্যায় ৭৫ দশমিক ৩১ শতাংশ এবং রাতে ৭৬ দশমিক ৪৬ শতাংশে পৌঁছায়। পুরো দিনে গড় আসন পূর্ণতার হার ছিল ৬৭ দশমিক শূন্য ৮ শতাংশ। মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন, প্রথম দিনে সিনেমাটি ভারতে ২৫ থেকে ৩০ কোটি রুপি আয় করতে পারে। তবে অগ্রিম বুকিং ও দর্শকের আগ্রহ সেই পূর্বাভাসকে ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত প্রথম দিনে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি। আর বিশ্বব্যাপী আয় হয়েছে ৯৫ কোটি ১০ লাখ রুপি। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তাও এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। ২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ৫ কোটি ৮৫ লাখ রুপি। পরে ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ প্রথম দিনে আয় করেছিল ১৫ কোটি ৩৮ লাখ রুপি এবং শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ৩৪২ কোটি রুপি। তৃতীয় কিস্তিতে আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে দেখা গেছে অজয় দেবগনকে।আরও পড়ুন,বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে: রেহমান সোবহানপরিবারের সদস্যদের রক্ষায় পুলিশের তদন্তকে বুদ্ধি দিয়ে মোকাবিলা করা এই চরিত্র আগের দুই কিস্তির মতো এবারও গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ‘দৃশ্যম ৩’-এ বিজয়ের প্রতিপক্ষ হিসেবে এসেছে এসপি রাজবীর সিং তোমর। এই চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। অন্যদিকে মীরা দেশমুখের চরিত্রে ফিরেছেন তাবু। অজয় দেবগনের সঙ্গে আরও অভিনয় করেছেন শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও প্রকাশ রাজ। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। সমালোচকদের প্রতিক্রিয়াও মোটের ওপর ইতিবাচক। অজয় দেবগন ও তাবুর অভিনয়ের প্রশংসা করা হয়েছে। তবে পরিচিত কাঠামো থেকে খুব বেশি বের হতে না পারা, আবহসংগীতের অতিরিক্ত ব্যবহার এবং কিছু অংশ দীর্ঘায়িত হওয়ার মতো বিষয় নিয়েও সমালোচনা রয়েছে। প্রথম দিনের শক্তিশালী ব্যবসার পর এখন নজর দ্বিতীয় ও তৃতীয় দিনের আয় এবং প্রথম সপ্তাহের মোট সংগ্রহের দিকে। বিজয় সালগাঁওকরের গল্পের শেষ অধ্যায় হিসেবে ‘দৃশ্যম ৩’ দর্শকের আগ্রহ ধরে রাখতে পারে কি না, তার বড় পরীক্ষা হবে সামনের দিনগুলোতে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত