প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভেই আখতারুজ্জামান গ্রেপ্তার: গোলাম পরওয়ার
সংবাদ দিগন্ত ||
বিমানবন্দরের ঘটনায় নয় বরং বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার ক্ষোভেই বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন। গোলাম পরওয়ার বলেন, বিদেশ সফর শেষে জামায়াতের সংসদ সদস্য ও নেতারা বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও লাগেজ ও জমজমের পানি না পাওয়ায় কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চেয়েছেন। তাঁর দাবি, এ বিষয়ে আখতারুজ্জামান নাগরিক অধিকার হিসেবে প্রতিবাদ করেছেন। কিন্তু পরে তাঁর বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার এজাহার ও পুলিশের বক্তব্য অনুযায়ী, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, আরও পড়ুন,নির্বাচন হলেও চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস কমেনি: নাসীরুদ্দীনসরকারি কাজে বাধা এবং একজন নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়। শুক্রবার তাঁকে গ্রেপ্তারের পর শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোলাম পরওয়ার এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে আনা লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিলের দাবি জানান। তিনি অভিযোগ করেন, বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের প্রতি রাজনৈতিক ক্ষোভ তৈরি হয়েছে। সমাবেশে তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির বক্তব্যে আওয়ামী লীগের বক্তব্যের প্রতিফলন দেখা যাচ্ছে। একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়েও বক্তব্য দেন তিনি এবং এ বিষয়ে বিচার জনগণের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব ও হাইকোর্ট মোড় হয়ে মৎস্য ভবন এলাকায় গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত