প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
সংবাদ দিগন্ত ||
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে আগ্রহী ও যোগ্য চিকিৎসকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
পিএসসি জানিয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। আরও পড়ুন, যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না। ৫১তম বিশেষ বিসিএসে আবেদনের জন্য ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
সহকারী সার্জন পদে আবেদনের জন্য এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনের জন্য বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নির্ধারিত যোগ্যতা থাকা প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত