প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার ওপর হামলার জেরে উত্তেজনা, লালমাইয়ে দলীয় কার্যালয়ে ভাঙচুর
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দলটির স্থানীয় নেতারা দাবি করেছেন।(৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যালয়ের চেয়ার, টেবিল, ব্যানার-পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের নেতৃত্বে বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগমারা দক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী উপজেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে।দলীয় সূত্রের দাবি, কার্যালয়ের দেয়ালে থাকা কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ছবি সংবলিত পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। একটি বড় টেবিলসহ তিন শতাধিক চেয়ার ভাঙচুরের অভিযোগও করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ও ১৬টি বৈদ্যুতিক পাখা নষ্ট করার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু।আরও পড়ুন, গরু কিনে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের তার দাবি, হামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।তবে এসব অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে লালমাই বাজার এলাকার একটি খাবার হোটেলে বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে। হেলমেট পরা কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনার প্রতিবাদেই বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত