প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাভারে গ্যাসের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী
আকতার হোসেন ||
সাভারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাভারের ব্যাংক টাউন এলাকাবাসী ।বুধবার ( ৩০ সেপ্টেম্বর ) সকালে সাভারের শিমুলতলায় অবস্থিত তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করেন সাভারের ব্যাংক টাউন এলাকার মানুষ । এসময় তারা দীর্ঘদিন ধরে গ্যাসের স্বাভাবিক চাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এই সমস্যার সমাধান চান ।ব্যাংক টাউন আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল জব্বার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ব্যাংক টাউন এলাকার বাসিন্দারা ঠিকমতো গ্যাস সরবরাহ পাচ্ছি না । এর ফলে এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । আমরা নিয়মিত গ্যাসের মাসিক বিল পরিশোধ করে আসছি । এরপরও কেন স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছি না, এর জবাব তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দিতে হবে।’সমিতির সাধারণ সম্পাদক এমারত হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি । সময়মতো রান্না হচ্ছে না । ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা । আমরা অবিলম্বে ব্যাংক টাউন এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক চাই । অন্যথায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।’আরও পড়ুন, ফেসবুক পোস্ট ঘিরে নাঈম হত্যা ৪ আসামির মৃত্যুদণ্ড ব্যাংক টাউন আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতির প্রধান উপদেষ্টা আর আই সাজ্জাদ বলেন, আমরা নিয়মিত বিল দেওয়ার পরও সারাদিন গ্যাস পাইনা শুধু রাতের বেলা স্বল্প সময়ের জন্য গ্যাস আসে তাও চাপ কম থাকে যা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয় ।এ সময় গ্যাসের দাবিতে ব্যাংক টাউন এলাকার শত শত নারী-পুরুষ তিতাস গ্যাস কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন । তারা দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক চান এবং গ্যাসের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার দাবি জানান ।এ বিষয়ে তিতাস গ্যাসের সাভার জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক আবদুল্লাহ হাসান আল মামুন বলেন, ‘ব্যাংক টাউন এলাকায় গ্যাসের চাপ কম থাকার বিষয়টি আমরা অবগত আছি । এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । গ্যাসের চাপ স্বাভাবিক হলে দ্রুতই ওই এলাকায় সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে ' । তিতাস গ্যাসের সাভার কার্যালয়ের জেনারেল ম্যানেজারও গ্যাসের চাপ কম থাকার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট চলতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাংক টাউন এলাকাবাসী । তাদের দাবি, নিয়মিত বিল পরিশোধের পরও যেন গ্রাহকদের ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত