প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাস ও সিএনজি চালকদের বিরোধে নওগাঁয় বাস চলাচল বন্ধ
সংবাদ দিগন্ত ||
নওগাঁয় অভ্যন্তরীণসহ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে দেখা যায়, টার্মিনালজুড়ে সারি সারি বাস পার্ক করে রাখা হয়েছে। কোনো রুটেই স্ট্যান্ড থেকে বাস ছেড়ে যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালকদের বিরোধকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শ্রমিকরা জানান, গত সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বাস ও সিএনজি চালকদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন শর্তে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।তবে শ্রমিকদের দাবি, মঙ্গলবার সকাল ১০টার দিকে বদলগাছি এলাকায় আবারও বাস চলাচলে বাধা দেন সিএনজি চালকরা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা।বাস চলাচল বন্ধ থাকায় নওগাঁ থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।আরও পড়ুন, বরিশালে এলপিজি সংকট বাড়তি দামে মিলছে সিলিন্ডারদূরপাল্লার যাত্রীর পাশাপাশি জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটের যাত্রীরাও পড়েছেন দুর্ভোগে। বাধ্য হয়ে অনেকেই অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের ওপর নির্ভর করছেন।বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনাল এলাকায় যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে অটোরিকশা ও সিএনজিতে বাড়তি চাপ তৈরি হয়েছে।শ্রমিকরা বলছেন, আগের বৈঠকে সমঝোতা হলেও পরদিনই বাস চলাচলে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা কঠিন হয়ে পড়েছে।এদিকে উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে আবারও বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে বাস ও সিএনজি চালকদের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে নওগাঁর সব রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত