প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়লেন রাফিনিয়া
সংবাদ দিগন্ত ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান তিনি। তবে বিরতির পর আর মাঠে ফেরেননি এই তারকা ফুটবলার। তার পরিবর্তে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন এন্দ্রিক।আন্তর্জাতিক বিরতি শুরুর আগেই রাফিনিয়ার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক ছিল বার্সেলোনা। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডের ওপর টানা ম্যাচের চাপ দীর্ঘ ভ্রমণ ও শারীরিক ক্লান্তির প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা ছিল ক্লাবটির।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছিল ব্রাজিলের হয়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পাশাপাশি দীর্ঘ ভ্রমণ রাফিনিয়ার ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। আন্তর্জাতিক বিরতি শেষে এর আগেও চোট বা শারীরিক সমস্যা নিয়ে বার্সেলোনায় ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা।ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সাম্প্রতিক দুটি আন্তর্জাতিক বিরতিতেও চোটে পড়েছিলেন রাফিনিয়া। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পেয়ে জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হয়েছিল তাকে। পরে বার্সেলোনায় ফিরে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি।আরও পড়ুন, ৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশেরএ ছাড়া সর্বশেষ বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচেও ডান উরুর পেছনের অংশে চোট পেয়েছিলেন রাফিনিয়া। ওই চোটের কারণে ব্রাজিলের পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। পরীক্ষায় তার ডান উরুর পেশিতে চোট ধরা পড়েছিল বলে জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।চলতি মৌসুমে অবশ্য দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে বার্সেলোনার হয়ে প্রথম আটটি অফিসিয়াল ম্যাচে তার গোলসংখ্যা ছিল ১৪টি। ফলে দলের আক্রমণভাগে তার অনুপস্থিতি বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।আন্তর্জাতিক বিরতির আগে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও জানিয়েছিলেন জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলাররা চলে গেলে তাদের শারীরিক অবস্থা নিয়ে তিনি উদ্বিগ্ন থাকেন। তবে জাতীয় দলের কোচিং স্টাফদের ওপর আস্থার কথাও জানিয়েছিলেন তিনি।এখন রাফিনিয়ার মেডিকেল পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে বার্সেলোনা। পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা না পাওয়া গেলে আন্তর্জাতিক বিরতি শেষে দ্রুতই ক্লাবের হয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে নতুন করে পেশির চোট ধরা পড়লে তার মাঠে ফেরার সময় আরও দীর্ঘ হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত