প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
শ্রমিকদের ধর্মঘট শেষে নওগাঁয় বাস চলাচল শুরু
সংবাদ দিগন্ত ||
বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই দিন বন্ধ থাকার পর নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর দিনভর কয়েক দফা আলোচনার পর রাত সাড়ে ১০টার দিকে বাস চলাচল শুরু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।এর আগে শনিবার ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।এর জেরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন কয়েকজন সিএনজিচালক বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় গুরুতর আহত হন বাসচালক রুবেল হোসেন। প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।আরও পড়ুন, টঙ্গী রেলস্টেশন এলাকায় যুবককে কুপিয়ে হত্যাচালককে মারধরের ঘটনার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধের দাবিতে রোববার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা। এর ফলে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।বাস চলাচল বন্ধ হওয়ার পর শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করে পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও জানান, সোমবার দিনভর কয়েক দফা আলোচনার পর শ্রমিক নেতারা পুলিশের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল শুরু হয়।বাস চলাচল স্বাভাবিক হওয়ায় দুই দিন ধরে ভোগান্তিতে থাকা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত