প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
দখলের অভিযোগ খতিয়ে দেখার দাবি তাসনিম জারার
সংবাদ দিগন্ত ||
দেশজুড়ে জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও রাজনীতিক ডা. তাসনিম জারা। এসব অভিযোগের অনেকগুলো স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তাসনিম জারা বলেন, বিএনপি তাদের দলের একজন নেতাকে বহিষ্কার করেছে—সম্ভবত জয়পুরহাটের ঘটনা। তিনি এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তবে শুধু বহিষ্কার বা দলীয় বিবৃতির মধ্যে বিষয়টি সীমাবদ্ধ না রেখে দখলের অভিযোগের পেছনের কারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে তিনি প্রশ্ন তোলেন।তিনি আরও প্রশ্ন করেন, ক্ষমতায় আসার পর স্থানীয় পর্যায়ের নেতারা কেন এ ধরনের দখলের ক্ষেত্রে উৎসাহ বা সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ উঠছে। আরও পড়ুন ,‘সবার ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে না, ভালো মানুষ হতে হবে’ : হাসনাতএকই সঙ্গে দখলের অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের ওপর গুরুত্ব দেন তিনি।মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাসনিম জারা। তিনি জানতে চান, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সময় পুলিশ কী দায়িত্ব পালন করেছে এবং এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে।গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় ২৫ সেপ্টেম্বর চারজনকে গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধারের তথ্যও জানানো হয়েছে।ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত