প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্টুডিও ভাঙচুরের ঘটনায় মামলা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় তিনি ভিকটিম—পুলিশের প্রাথমিক তদন্তে এমনটাই দেখা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে নিশ্চিত হতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এ ঘটনায় জিডি বা মামলা করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই মামলা হতে পারে।রাজধানীর ইসিবি চত্বর এলাকায় শনিবার রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর সালমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন এবং দাবি করেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলা হয়ে থাকতে পারে।তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে ঘটনার পেছনে জমি নিয়ে বিরোধের বিষয়টি উঠে এসেছে। ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, স্টুডিওটি যে আবাসন প্রকল্পে অবস্থিত, সেই নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকপক্ষের বিরোধ রয়েছে। আরও পড়ুন : প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, গঠন হলো অভিযোগ নিষ্পত্তি সেলওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, সালমানের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থল মানিকদী নামাপাড়া, যা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিরোধপূর্ণ জায়গাটি দখলের চেষ্টা করতে একটি পক্ষের লোকজন সেখানে যায় এবং ওই সময় ভাঙচুরের ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিওও ওই স্থাপনার মধ্যে থাকায় সেটি ক্ষতিগ্রস্ত হয়।পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ, কারা হামলায় জড়িত এবং চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা ছিল কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সালমান মুক্তাদির এখনো নির্দিষ্ট কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেননি। ফলে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তদন্তের মাধ্যমে তা যাচাই করা হবে।ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। মামলা হলে তদন্তের পর হামলার কারণ ও জড়িতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত