প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন দাখিলের শেষ দিন আজ
সংবাদ দিগন্ত ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের পর আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এ উপনির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন।আরও পড়ুন, নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমানএদিকে শনিবার ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি গত ২১ আগস্ট থেকে শূন্য ঘোষণা করা হয়। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য হয়েছে বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।এ উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত