প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
রামুতে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ
সংবাদ দিগন্ত ||
কক্সবাজারের রামুতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সাজিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। নথি পর্যালোচনায় রামুর বিভিন্ন ইউনিয়নের ঠিকানা ব্যবহার করে অন্তত ১২ জনের নতুন ভোটার হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৬৬, ৪৪, ৪৩ ও ৪১ বছর বয়সি ব্যক্তিও রয়েছেন। তবে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের দাবি, ভোটার তালিকায় স্থানীয় বাসিন্দা হিসেবে যাদের নাম রয়েছে, তাদের কাউকেই তারা চেনেন না।নথি অনুযায়ী, খুনিয়াপালং, দক্ষিণ মিঠাছড়ি, ঈদগড় ও গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ঠিকানা ব্যবহার করে এসব ব্যক্তিকে ভোটার করা হয়েছে। তালিকায় নুর হোসাইন, ফাতেমা বেগম, ইসমত আরা সুলতানা, ফয়সাল, সিরাজুল মোস্তাফা, মুনতাহা, খালেদা আক্তার, রফিক, রবিদা, রেহেনা হেলাল ও জাবেরসহ ১২ জনের নাম রয়েছে।এ বিষয়ে ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার এবং স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া, শফিকুল ইসলাম সোহেল ও শাকের আহমদ বলেন, ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের তারা কেউ চেনেন না। তাদের দাবি, জালিয়াতির মাধ্যমে স্থানীয় বাসিন্দা পরিচয়ে এসব ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে।আরও পড়ুন, "মনোহরদীতে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির থাবা" শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদসংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, রামুতে অবৈধভাবে প্রতিবছর বিপুলসংখ্যক রোহিঙ্গাকে ভোটার করার একটি চক্র সক্রিয় রয়েছে। একজনকে ভোটার করাতে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের কেন্দ্রে রামু উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক নুর মোহাম্মদের নাম এসেছে। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।স্থানীয়দের দাবি, সন্দেহজনক ভোটারদের জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, বাবা-মায়ের পরিচয়, স্থায়ী ঠিকানা ও জনপ্রতিনিধিদের প্রত্যয়ন পুনরায় যাচাই করা প্রয়োজন।রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ বলেন, অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ জাতীয় নিরাপত্তা ও নির্বাচনি স্বচ্ছতার জন্য গুরুতর বিষয়। সংশ্লিষ্টদের শনাক্ত করে তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত