প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম ভাষণে বাংলাদেশের নতুন অগ্রাধিকারের কথা জানালেন প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, কূটনীতি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দিয়েছেন। ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি বাংলায় এ ভাষণ দেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম বক্তব্য।ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক যাত্রার কথাও তুলে ধরেন।বিশ্বের বিভিন্ন সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ ও সংঘাতের কারণে বাস্তুচ্যুতি, মানবিক সংকট ও অর্থনৈতিক চাপ বাড়ছে। তাঁর বক্তব্যে সংঘাত নিরসনে সংলাপ, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি এমন একটি বিশ্বব্যবস্থার কথা বলেন, যেখানে অস্ত্রের পরিবর্তে যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতা পরিবর্তনের হাতিয়ার হবে।ফিলিস্তিন প্রসঙ্গে বাংলাদেশ তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বলে জানান প্রধানমন্ত্রী।আরও পড়ুন, দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগরোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় আন্তর্জাতিক উদ্বেগ হিসেবে তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকেই তিনি সংকটের সমাধান হিসেবে উল্লেখ করেন এবং প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং ডিজিটাল প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।দেশ পুনর্গঠনে রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—৩-আর কৌশল গ্রহণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তরুণদের কর্মসংস্থান, বিনিয়োগ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির ওপর গুরুত্ব দেন।ভাষণের শেষে তিনি শান্তি, মানবিকতা ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত