প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা স্থায়ী বহিষ্কার
সংবাদ দিগন্ত ||
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা মো. বায়েজিদ হোসেন শাহেদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দল।বায়েজিদ হোসেন ফরিদপুর জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।এর আগে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় বায়েজিদ হোসেনের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন ওষুধসহ বিভিন্ন সামগ্রী এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার কথা জানায় ভ্রাম্যমাণ আদালত সূত্র।আরও পড়ুন,কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বায়েজিদ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজা ঘোষণার পর তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, কারখানাটিতে শিশুদের বেবি জেল এবং প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে আরও বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অনুমোদন ছাড়া কারখানাটি পরিচালনার অভিযোগ রয়েছে।এদিকে সাজা পাওয়ার পর দলীয়ভাবে বায়েজিদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এনসিপি। দলটির কেন্দ্রীয় দপ্তর সেলের চিঠিতে সাংগঠনিক শৃঙ্খলা এবং দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।ফরিদপুর জেলা এনসিপির পক্ষ থেকেও আগে বলা হয়েছিল, কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপস করা হবে না এবং ঘটনার বিষয়ে কেন্দ্রকে জানানো হবে। পরে কেন্দ্রীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত