প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়েনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড
সংবাদ দিগন্ত ||
যৌন নিপীড়নের মামলায় হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়েনস্টিনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত।২০০৬ সালে সাবেক প্রযোজনা সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়নের ঘটনায় ২৩ সেপ্টেম্বর এই সাজা ঘোষণা করা হয়। ২০২৫ সালের পুনর্বিচারে ওয়েনস্টিন প্রথম-স্তরের যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর এ সাজা দেওয়া হলো।ওয়েনস্টিনের বিরুদ্ধে নিউইয়র্কে চলা দীর্ঘ আইনি লড়াইয়ের এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০২০ সালে তাঁকে মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়ন এবং অভিনেত্রী জেসিকা ম্যানকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত সেই রায় বাতিল করে নতুন বিচারের নির্দেশ দেন। আদালত আগের বিচারপ্রক্রিয়ায় ন্যায্য বিচারের প্রশ্নে ত্রুটি পেয়েছিল।এরপর ২০২৫ সালের পুনর্বিচারে জুরি মিরিয়াম হ্যালির অভিযোগের ঘটনায় ওয়েনস্টিনকে দোষী সাব্যস্ত করে। একই বিচারে সাবেক মডেল কাজা সোকোলার অভিযোগ থেকে তিনি খালাস পান। আর জেসিকা ম্যানকে ধর্ষণের অভিযোগে জুরি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।আড়ও পড়ুন,ঈদের মিছিলে ‘পিনিক’আদালতে নিজের বক্তব্যে ওয়েনস্টিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। একই সঙ্গে জীবনে ভুল করেছেন উল্লেখ করে যাঁরা তাঁর কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের কাছে ক্ষমা চান। তবে নিজের নির্দোষিতার দাবিও পুনর্ব্যক্ত করেন। তাঁর আইনজীবীরা জানিয়েছেন আপিল করা হবে। অন্যদিকে আদালতে আবেগঘন বক্তব্য দেন মিরিয়াম হ্যালি। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং বারবার আদালতে সাক্ষ্য দেওয়ার অভিজ্ঞতাকে কঠিন ও ক্লান্তিকর বলে বর্ণনা করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই ২০২৫ সালের পুনর্বিচারে ওয়েনস্টিন দোষী সাব্যস্ত হন।ওয়েনস্টিনকে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগ ২০১৭ সালে প্রকাশ্যে আসার পর হলিউডসহ বিভিন্ন অঙ্গনে বহু নারী নিজেদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিজ্ঞতা প্রকাশ করেন। এর পরই বিশ্বজুড়ে #মিটু আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
নিউইয়র্কের ১৫ বছরের সাজা ছাড়াও ওয়েনস্টিনের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি মামলায় ২০২২ সালে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দণ্ড রয়েছে। সেই মামলার সাজা নিয়েও পৃথক আইনি প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত