প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ সড়কে চালকদের মানতে হবে পুলিশের ১২ নির্দেশনা
সংবাদ দিগন্ত ||
সড়ক দুর্ঘটনা কমানো এবং যাত্রী ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের প্রতি ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাহিনীটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।নির্দেশনায় চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মোটরসাইকেল চালকদের হেলমেট এবং গাড়িচালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।বাংলাদেশ পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি আরোহী বহন করা যাবে না। একই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়, ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি লেন পরিবর্তন বা টার্ন নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে।আরও পড়ুন, নিউইয়র্কে নারী নেতৃত্বের বৈশ্বিক প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমানবিশেষ করে বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ওইসব যানবাহনের চালক মোটরসাইকেল বা ছোট যান দেখতে পারেন। বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে অতিরিক্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর কথাও উল্লেখ করা হয়েছে।পুলিশ আরও বলেছে, যানজট কিংবা অন্য চালকের ভুলের কারণে মেজাজ হারিয়ে ঝুঁকিপূর্ণ আচরণ করা যাবে না। মাদক সেবন, নিদ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে কোনো যানবাহন চালানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।এ ছাড়া মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণ এবং হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।বাংলাদেশ পুলিশ বলছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, চালক ও সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেক চালককে দায়িত্বশীল ও সতর্কভাবে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে। পুলিশের হাইওয়ে ইউনিটের দায়িত্বের মধ্যেও ট্রাফিক আইন প্রয়োগ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত