প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব
সংবাদ দিগন্ত ||
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিশ্রুতি থেকে বেরিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন মানবিক সহায়তার উদারতা কখনোই রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। একই সঙ্গে অনির্দিষ্টকাল ধরে রোহিঙ্গাদের দায়িত্ব কেবল বাংলাদেশের ওপর থাকবে এমনটি প্রত্যাশা করা যায় না।বুধবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে এ আয়োজন করে।প্রধানমন্ত্রী বলেন কয়েক দশক ধরে মিয়ানমারে বৈষম্য ও নিপীড়নের শিকার রোহিঙ্গারা। ২০১৭ সালের সহিংসতার পর সংকট আরও ভয়াবহ আকার নেয়। নয় বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে খাদ্য স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যবস্থা করে আসছে।তবে দীর্ঘদিনের এই বাস্তুচ্যুতির কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপরও বাড়ছে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ। একই সময়ে কমছে আন্তর্জাতিক মানবিক সহায়তা। ২০২৫ সালে যেখানে ৯৩৪ মিলিয়ন ডলারের বেশি সহায়তার আবেদন করা হয়েছিল সেখানে ২০২৬ সালের জন্য তা কমিয়ে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে নামানো হয়েছে।আরও পড়ুন, জাতিসংঘে প্রথম দিনেই ১০ কর্মসূচিতে তারেক রহমানতারেক রহমান বলেন রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেই নিহিত। রাখাইন রাজ্যে এখনো নিরাপদ প্রত্যাবাসনের মতো পরিস্থিতি তৈরি হয়নি।সংকট সমাধানে পাঁচটি জরুরি প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ স্বেচ্ছামূলক মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি। মিয়ানমারে রোহিঙ্গাসহ বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ এবং তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।পাশাপাশি রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং গুরুতর অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।পঞ্চম প্রস্তাবে মানবপাচার মাদক পাচার অবৈধ অস্ত্র ডিজিটাল প্রতারণাসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের কথা বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন বাংলাদেশ মানবিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়কেও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনীয় পরিবেশ তৈরি হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত