প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
সংবাদ দিগন্ত ||
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।বিআরটিএ সূত্র জানায় ভাড়া বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন ভাড়া কতটা বাড়বে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে।সোমবার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর নীতিগত প্রস্তাব করা হয়।সংশ্লিষ্টরা জানান সাধারণত জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি বাস পরিচালনার অন্যান্য খরচও বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়। তবে এবার শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।গত রোববার সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। বিআরটিএর হিসাবে ডিজেলের দাম এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে প্রায় এক পয়সা বাড়ে। আরও পড়ুন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রীহিসাবে ২০ টাকা দাম বাড়ায় দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। আর দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা।তবে এসি বাস মালবাহী যানবাহনসহ কিছু পরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে না। এসব পরিবহনে মালিক ও শ্রমিকরা নিজেদের মধ্যে ভাড়া নির্ধারণ করে থাকেন।এদিকে পরিবহন মালিকদের পক্ষ থেকে দ্রুত নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারির অনুরোধ জানানো হয়েছে। তাদের আশঙ্কা জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হওয়ার পর নতুন ভাড়া নির্ধারণে দেরি হলে মালিক ও শ্রমিকরা নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে দিতে পারেন।তবে বিআরটিএর প্রস্তাব করা ১৮ ও ২০ পয়সা ভাড়া বৃদ্ধির হার চূড়ান্ত পর্যায়ে কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। শেষ পর্যন্ত সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতেই প্রজ্ঞাপনে নতুন ভাড়া নির্ধারণ করা হবে।ফলে জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব গণপরিবহনের ভাড়ায় কতটা পড়বে তা এখন নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত