প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
সংবাদ দিগন্ত ||
বৃষ্টির কারণে চীনের বিপক্ষে ম্যাচ খেলতে হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।বৃহস্পতিবার জাপানের নাগোয়ার নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ ও চীনের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল ৯টায়।মাঠে বৃষ্টি না থাকলেও আগের কয়েক দিনের টানা বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় পর্যন্ত মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।এশিয়ান গেমসের নারী ক্রিকেটে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করেছে। ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করার নিয়ম রয়েছে।আরও পড়ুন ,মেসির হেডে শততম গোল মায়ামির ঘরে ক্যাম্পেওনেস কাপ সেই নিয়মেই বাংলাদেশ পেয়েছে সেমিফাইনালের টিকিট।বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম। বিপরীতে চীনের অবস্থান ৩৬তম। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশকেই পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।এখন বাংলাদেশের সামনে সেমিফাইনাল। আগামীকাল ভারত ও জাপানের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ নারী দল।এশিয়ান গেমসের নারী ক্রিকেটে এর আগে বাংলাদেশ দুবার রুপা ও একবার ব্রোঞ্জ পদক জিতেছে। এবারও পদকের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত