প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে ২৭ বাংলাদেশি আটক
সংবাদ দিগন্ত ||
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য ভুয়া কাগজপত্র তৈরির একটি চক্রে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বরাতে মালয় মেইল জানিয়েছে, সোমবার কুয়ালালামপুরের জালান চান সো লিন বাণিজ্যিক এলাকার ১১টি স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ২৭ বাংলাদেশির মধ্যে ১১ জনের বিরুদ্ধে বিদেশি শ্রমিকদের জন্য নথি জাল করার কথিত চক্র পরিচালনার অভিযোগ রয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারীকে চক্রটির মূলহোতা হিসেবে সন্দেহ করছে কর্তৃপক্ষ। বাকি ১৬ বাংলাদেশিকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।এ ছাড়া একই অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের একজন এবং ইন্দোনেশিয়ার দুই নাগরিকসহ আরও তিন বিদেশিকে আটক করা হয়।আরও পড়ুন, অপরাধের ধরন বদলালেও পুলিশ আধুনিকায়ন সম্ভব হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীঅপস সেরকাপ নামে পরিচালিত অভিযানে ১৮টি ল্যাপটপ, ২১টি প্রিন্টার ও স্ক্যানার, তিনটি মোবাইল ফোন এবং ১০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।মালয়েশীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিযানে জাল অস্থায়ী কর্মসংস্থান পাসের কপি এবং ভুয়া পুলিশ প্রতিবেদনও পাওয়া গেছে।স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিনের দাবি, প্রতিটি জাল কর্মসংস্থান পাস ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভুয়া পুলিশ প্রতিবেদন ৭০ রিঙ্গিতে বিক্রি করা হতো।মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় কারসাজি এবং নথি জাল করার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করছে বলেও জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত