প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুর
মো: সাজ্জাদ মিয়া, ||
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নে সাজেদুল হক নাঈমের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘর ও পানির লাইন ভাঙচুর এবং এক সহকারী শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী শিক্ষিকা আতিয়ারা ইসলাম শিমুল নিকলী থানায় লিখিত অভিযোগ করেছেন। একই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরও বিচার চেয়েছেন তিনি।ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নিকলী সদর ইউনিয়নের গুণিয়াহাটি গ্রামের বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আতিয়ারা ইসলাম শিমুলের বাড়ির পানি নিষ্কাশন ও পুকুরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে নাঈমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ, ওই বিরোধকে কেন্দ্র করে নাঈম বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখান এবং বিষয়টি মীমাংসার নামে তিন লাখ টাকা দাবি করেন।অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যক্তিগত স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণের জন্য চাপ দেওয়া হয়। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর বিকেলে নাঈম শিমুলের বাড়িতে গিয়ে বাড়িঘর ও পানির লাইন ভাঙচুর করেন। এতে বাধা দিতে গেলে কাঠের বর্গা দিয়ে শিমুলকে আঘাত করে আহত করার অভিযোগও রয়েছে।ঘটনার পর শিমুল নিকলী থানায় লিখিত অভিযোগ দেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার কাছেও অভিযোগ করেন। ১৪ সেপ্টেম্বর তিনি ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করলে ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে ভুক্তভোগী জানান।এদিকে ঘটনার বিষয়ে নাঈমও শিমুলের ভাই মারুফ ইসলাম শাওনের বিরুদ্ধে নিকলী থানায় পাল্টা অভিযোগ করেছেন। আরও পড়ুন, ঈশ্বরদীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে চেয়ারম্যান আহতএতে শাওন মেসেঞ্জারে তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ বলছে, উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই করা হবে।স্থানীয়দের অভিযোগ, নাঈম দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তার প্রকৃত সাংবাদিকতা পরিচয় ও কার্ড নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বালুমহল, হাট-বাজার ও গরুর হাটের ইজারাদারদের কাছ থেকেও সাংবাদিক পরিচয়ে টাকা দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার কথা বলে বিভিন্ন সময় তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে।নাঈমের বিরুদ্ধে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক মানবকণ্ঠের প্রধান প্রতিবেদক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে জানা গেছে। ওই ঘটনার প্রতিবাদে সাংবাদিক নেতারাও বিবৃতি দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ বিষয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছিল বলে দাবি করা হয়েছে।অন্যদিকে, ১৪ সেপ্টেম্বর নাঈম ফেসবুক লাইভে এসে বালু ভরাটের কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর দৃষ্টিতে আনেন।আরও পড়ুন, কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তারএর পর শিমুলের ভাই আতিক সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নাঈম নিজেকে দৈনিক যায়যায় দিন এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক পরিচয়ে এলাকায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। তিনি নাঈমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সচেতন সমাজের সহযোগিতা কামনা করেন।এদিকে শিমুলকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় নিকলী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি খায়রুল ইসলাম বলেন, একজন সরকারি শিক্ষিকার সঙ্গে এমন ঘটনা ঘটলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।নিকলী থানা সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষিকা শিমুলের অভিযোগটি এসআই সাগর তদন্ত করছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে সাজেদুল হক নাঈমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। তার দাবি, বাড়িঘর ভাঙচুর, মারধর ও চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। পানি নিষ্কাশন ও জলাবদ্ধতার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিরোধের সৃষ্টি হয়েছে এবং তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছেন বলে জানান। এ ঘটনায় তার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত